খুবির নিউজ বুলেটিনের ১ম বর্ষের ২য় সংখ্যার মোড়ক উন্মোচন

Post Image

খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) এর সাহিত্য ও প্রকাশনা কমিটি কর্তৃক প্রকাশিত নিউজ বুলেটিন এর প্রথম বর্ষের দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের ২য় তলা সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম এই নিউজ বুলেটিনের মোড়ক উন্মোচন করেন। এ সময় অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা দেশবিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তাদের অনেকেই প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন স্তরে শীর্ষ পদে কর্মরত রয়েছেন। এজন্য অ্যালামনাইদের বর্তমান অবস্থা ও তাদের কার্যক্রম নিয়ে প্রোফাইল তৈরির উদ্যোগ নিতে পারে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের কৃতি অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্মাননা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কারিকুলাম ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে অ্যালামনাইদের অংশগ্রহণ থাকা উচিত। যাতে চাকরির বাজার কিংবা শিক্ষা পরবর্তী কর্মক্ষেত্রে কোন কোন বিষয়ে চাহিদা রয়েছে, তা কারিকুলামে অন্তর্ভুক্ত করা যায়। তিনি কুআ’র উদ্যোগে দ্বিতীয়বারের মতো নিউজ বুলেটিন প্রকাশ করায় সম্পাদকসহ এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের অভীষ্ট লক্ষ্য অর্জনে অতীতের ন্যায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।


শেয়ার করুন

0 coment rios: